পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২:০৭ অপরাহ্ন || প্রিন্ট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

রাজশাহীতে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: জেলা প্রশাসক

রাজশাহীতে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: জেলা প্রশাসক

সোহেল রানা, রাজশাহী: রাজশাহীতে আমন মৌসুমে সারের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত ইউরিয়া সার মজুত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আমন ধান রোপণের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হওয়ায় নন-ইউরিয়া সারের চাহিদা কমলেও উপরি প্রয়োগের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকার মেসার্স মোসলেম মোল্লা এবং পবা উপজেলার কাটাখালীর সংসাদিপুর এলাকার মেসার্স নাহার এন্টারপ্রাইজের গুদাম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এ সময় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন ও উপজেলা কৃষি কর্মকর্তা এমএ মান্নান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, বর্তমানে জেলার গুদামগুলোতে ২ হাজার ৪৬৯ মেট্রিক টন (৪৯ হাজার ৩৮০ বস্তা) ইউরিয়া সার মজুত রয়েছে। কৃষকদের চাহিদার কথা বিবেচনা করে ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের বরাদ্দ দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার থেকেই ডিলাররা তা উত্তোলন করতে পারবেন। পাশাপাশি অতিরিক্ত সার চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে।

সার বিতরণ ও বাজার তদারকি সম্পর্কে তিনি বলেন, প্রতিটি উপজেলায় ইউএনও, কৃষি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজারদের উপস্থিতিতে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা হচ্ছে। ডিলারদের প্রতিদিনের উত্তোলন, মজুত ও বিক্রির হিসাব কৃষি কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কৃত্রিম সংকট ও অবৈধ মজুত প্রতিরোধে ভিজিল্যান্স টিমের অভিযান চলছে। এখন পর্যন্ত ১ হাজার ২৯৩ বস্তা সার উদ্ধার এবং অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কেউ কালোবাজারি বা অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৫৭২ মেট্রিক টন সার মজুত ছিল। এর মধ্যে ইউরিয়া ২ হাজার ৪৬৯ মেট্রিক টন, ডিএপি ৫৫৪ মেট্রিক টন, টিএসপি ৭৭৭ মেট্রিক টন এবং এমওপি ৭৭২ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত ১ হাজার ৮০০ মেট্রিক টন টিএসপি, ২ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৮০০ মেট্রিক টন এমওপির চাহিদা পাঠিয়েছে।

উল্লেখ্য, সার বিতরণে অনিয়মের অভিযোগে সম্প্রতি রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনকে বদলি করে তাঁর স্থলে মোস্তফা কামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।